• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

তামান্নাকে বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিলো পরিবার

সুজন মজুমদার, কুমিল্লা 

প্রকাশিত: ১৮:২১, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তামান্নাকে বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিলো পরিবার

চীনা যুবক জিয়াকিয়ান

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করতে চেয়েছিলেন চীনা যুবক জিয়াকিয়ান (৩৪)। তবে তরুণীর পরিবার রাজি না হওয়ায় বিয়ে না করেই গ্রাম ছেড়েছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) পুলিশের সহযোগিতায় কুমিল্লার দেবিদ্বারের সুলতানপুর গ্রাম থেকে চলে যান ওই যুবক।

জিয়াকিয়ান চীনের হুয়াইজিং শহরের ঝাওচিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে উইচ্যাটের মাধ্যমে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের তামান্না আক্তার (১৯)-এর সঙ্গে তার পরিচয় হয়। অ্যাপের মাধ্যমে কণ্ঠস্বর অনুবাদ করে তারা কথোপকথন চালাতেন। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। গত ১৯ নভেম্বর এক মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন জিয়াকিয়ান।

ঢাকা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে তিনি তামান্নার বাড়িতে যান। শুক্রবার (২৭ নভেম্বর) বিয়ের কথা বলতে আবারও ওই বাড়িতে গেলে খবর ছড়িয়ে পড়ে। তাকে একনজর দেখতে শত শত মানুষ বাড়িতে ভিড় করেন। খবর পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

তামান্না জানান, তিনি জিয়াকিয়ানকে বিয়ে করে চীনে যেতে চান। তবে তার মা-বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে রাজি হননি। দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করানো সম্ভব না হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় জিয়াকিয়ান বাড়ি ছেড়ে চলে যান।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।

ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। তার ভাষ্য, যুবকের কাছে বিয়ের কোনো অনুমতিপত্র ছিল না। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই তিনি গ্রাম ছেড়ে চলে যান।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চীনা যুবক আসার খবর পেয়ে তার নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তরুণীর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান। 

বিভি/এজেড

মন্তব্য করুন: