• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

৩ মাস পানিহীন ৪ পরিবার, মানছেন না আদালতের নির্দেশও!

প্রকাশিত: ১৬:১৫, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:২৭, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৩ মাস পানিহীন ৪ পরিবার, মানছেন না আদালতের নির্দেশও!

আর্থিক বিরোধের জেরে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি আবাসিক ভবনের চারটি পরিবারের পানির সংযোগ বিচ্ছিন্ন করে রাখার অভিযোগ উঠেছে জমির মালিকদের বিরুদ্ধে। গত ২৯ আগস্ট থেকে প্রায় তিন মাস ধরে পানিবঞ্চিত রয়েছেন পরিবারগুলোর সদস্যরা। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টার পর উচ্চ আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পানির সংযোগ পুনঃস্থাপনে ৭২ ঘণ্টার নির্দেশ দিয়েছে বলে দাবি পরিবারগুলোর। তবে অভিযোগ, আদালতের নির্দেশের পরও এখন পর্যন্ত পানির সংযোগ ফিরে পাননি তারা।

রাজধানীর পল্লবী থানার ১১ নম্বর সেকশনের বি ব্লকের ১৮ নম্বর লেনের ৪ নম্বর বাড়িতে প্রায় ১৪ বছর ধরে বসবাস করছেন মোহাম্মদ কায়কোবাদ চুন্নু মিয়া, সৈয়দ মো. কাউছার, মো. রেজাউল ইসলাম ও সাদ্দাম হোসেন। স্বপ্নীল রিয়েল স্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তারা। কিন্তু কমন ইউটিলিটি বিল নিয়ে বিরোধের জেরে গত তিন মাস ধরে পানির সংকটে পড়েছেন এই চার পরিবারের শিশু ও নারীসহ প্রায় ২০ জন সদস্য।

ভুক্তভোগীদের অভিযোগ, ভবনের অন্য বাসিন্দাদের পানির সংযোগ সচল থাকলেও বিচ্ছিন্ন রাখা হয়েছে শুধু তাদের চারটি পরিবারের সংযোগ। এতে পরিবারের নারী, পুরুষ ও শিশুদের প্রতিদিনের জীবনযাপন ব্যাহত হচ্ছে। প্রায় ২০ সদস্যের এই পরিবারগুলো পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন।

ভুক্তভোগীদের ভাষ্য, ফ্ল্যাট কেনার পর থেকেই জমির মালিকদের মাধ্যেমে কমন ইউটিলিটি বিল পরিশোধ করে আসছেন তারা। প্রথম দুই বছর ঠিকঠাক থাকলেও পরবর্তীতে বিল পরিশোধের পর রসিদ চাইলে নানা অজুহাতে তা দেওয়া হয়নি। রশিদের মাধ্যেমে বিল নিতে বলা হলেও মালিক পক্ষ তাতে রাজি না হওয়ায় আর বিল দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এভাবে কেটে যায় প্রায় ১২ বছর।

সম্প্রতি ভবনের জমির মালিক মো. রাজু, মো. জাহিদ (ছনু), মো. নাসির ও মো. আব্দুল্লাহ পানি, গ্যাস ও বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ দাবি করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দাবিকৃত অর্থ ও হিসাব নিয়ে বিরোধ তৈরি হলে স্থানীয়দের নিয়ে একাধিকবার বৈঠক করেও সমাধান হয়নি। পরে পল্লবী থানায় একটি লিখিত ডায়রি করেন তারা।

আদালতের নির্দেশনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। একপর্যায়ে গত ২৯ আগস্ট তাদের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর বাধ্য হয়ে আইনি প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন চার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীদের দাবি, রিট পিটিশন নম্বর ১৩৪৫৫/২০২৬-এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রুল জারির পাশাপাশি আদেশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে পানির সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন জমির মালিক, ডেভেলপারসহ সংশ্লিষ্টদের। তবে সেই নির্দেশের পরও পানি ফিরে পাননি তারা।

ভুক্তভোগী মোহাম্মদ কায়কোবাদ চুন্নু মিয়া বাংলাভিশনকে জানান, জমির মালিকদের কোনো ন্যায্য পাওনা থাকলে আদালতের মাধ্যমে তা পরিশোধ করতে প্রস্তুত তারা। কিন্তু পানির মতো মৌলিক নাগরিক সুবিধা বন্ধ রেখে চাপ সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়। শিশু ও নারীদের নিয়ে চরম ভোগান্তিতে আছেন তারা।

বিষয়টির দ্রুত সমাধান চেয়ে আরেক ভুক্তভোগী মো. রেজাউল ইসলাম বাংলাভিশনকে বলেন, প্রায় তিন মাস ধরে তাদের পানির সংযোগ বিচ্ছিন্ন। চার পরিবারের প্রায় ২০ জন সদস্য এতে দুর্ভোগ পোহাচ্ছেন। ভবনের অন্য বাসিন্দাদের পানির সংযোগ চালু থাকলেও শুধু তাদের চারটি পরিবারের সংযোগ বন্ধ রাখা হয়েছে। এতে দৈনন্দিন কাজ, রান্না, গোসল ও শিশুদের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। 

পল্লবী থানার এসআই সুজন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে এসেছে। পানিকে নাগরিকের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, কোনো আর্থিক পাওনা থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। নাগরিকদের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও উভয় পক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জমির মালিকদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ওই চার পরিবার পানির বিল পরিশোধ করছে না। অভিযোগের বিষয়ে মো. জাহিদকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। আরেক অভিযুক্ত আব্দুল্লাহ জানান, বিল না দেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যান্য ইউটিলিটি বিল নিয়েও জটিলতা রয়েছে। এসব কারণেই পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে দাবি তাদের। আদালতের নির্দেশের পরও কেন পানির সংযোগ পুনঃস্থাপন করা হয়নি, এমন প্রশ্নে পরে কথা বলবেন জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন আব্দুল্লাহ।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ডেভেলপারের সঙ্গে রেজিস্ট্রিকৃত বায়নানামা দলিলের মাধ্যমে ফ্ল্যাট কিনে প্রায় ১৪ বছর ধরে বসবাস করলেও এখনো সাব-কবলা দলিল সম্পন্ন হয়নি। তাদের দাবি, এই পরিস্থিতির সুযোগ নিয়ে জমির মালিকরা উচ্ছেদের চাপ তৈরির উদ্দেশ্যে পানির মতো অত্যাবশ্যকীয় সেবা বন্ধ করে রেখেছেন এবং অন্যান্য নাগরিক সুবিধাও বন্ধ করার হুমকি দিচ্ছেন।

তারা জানান, কোনো সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতিতে না গিয়ে আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালতে নিজেদের অবস্থানের সমর্থনে প্রয়োজনীয় দলিলপত্র ও প্রমাণাদি উপস্থাপন করেছেন বলেও দাবি তাদের।

কমন ইউটিলিটি বিল নিয়ে বিরোধের নিষ্পত্তির আইনগত পথ থাকলেও সেই বিরোধের জেরে চারটি পরিবারের নারী, পুরুষ ও শিশুদের মাসের পর মাস পানির মতো অপরিহার্য সেবা থেকে বঞ্চিত রাখার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজও। 

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রশাসন, ঢাকা ওয়াসা, সিটি করপোরেশন ও আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপে পানির সংযোগ পুনঃস্থাপন করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে কোনো আর্থিক বিরোধের জেরে যেন নাগরিকদের মৌলিক সেবা বন্ধ করে দেওয়া না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

বিভি/এমএ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত