জুলাই জার্নালিস্ট ইউনিটির গোলটেবিল বৈঠক
‘মিডিয়া আওয়ামী বয়ানের মাধ্যমে এখনও ফ্যাসিবাদের দালালি করছে’
মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল। গণঅভ্যুত্থানের পর নতুন সরকার মিডিয়ার শীর্ষ পদে পছন্দের লোকদের বসালেও ভেতরে ফ্যাসিবাদের পুরোনো সেটআপ অপরিবর্তিতই রয়ে গেছে। ফ্যাসিবাদী মিডিয়াগুলো জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ও জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের নতুন করে হত্যাযোগ্য করার মিশনে নেমেছে। গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংস্কার না করলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই গণমাধ্যমকে পুরোনো ফ্যাসিবাদী চর্চা থেকে মুক্ত করতে হবে। জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর মতো বাংলাদেশেও গণমাধ্যমসহ সর্বত্র ‘ডি-ফ্যাসিজম’ বা ফ্যাসিবাদের কাঠামোগত মূলোৎপাটনের একটি প্রক্রিয়া শুরু হওয়া অত্যন্ত জরুরি।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের আহ্বায়ক সাইফুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক তালুকদার রুমি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খমিনি এহসান।
গোলটেবিল বৈঠকে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, মিডিয়াকে দখল করে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই ফ্যাসিস্টরা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পেরেছিল। এটা ফ্যাসিস্ট শক্তির অন্যতম প্রধান কৌশল। এর মাধ্যমে ফ্যাসিস্টরা তাদের সুবিধামতো বয়ান ও ন্যারেটিভ তৈরি করেছে। বিগত ১৭ বছরের শেখ হাসিনার শাসনকালে দেশের প্রধান দুটি সংবাদপত্র ও মিডিয়া ‘দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে’ বলে একটি পরিকল্পিত বয়ান তৈরি করেছিল। জঙ্গিবাদের কথা বলা হলেও সাধারণ জনগণকে কখনো তাদের প্রকৃত পরিচয় দেওয়া হয়নি কিংবা তারা কোথা থেকে প্রশিক্ষণ পেয়েছে, তা জানানো হয়নি। উল্টো বিভিন্ন সময় বাড়িঘর ঘেরাও করে পুরো পরিবারকে বের করে আনার মতো ঘটনাগুলোর পটভূমি এই মিডিয়াই তৈরি করে দিয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপি মিডিয়া হাউসগুলোর শীর্ষ পদে পছন্দের লোক বসিয়ে মোটা অঙ্কের বেতন ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করলেও ভেতরে ফ্যাসিবাদের পুরোনো সেটআপ অপরিবর্তিতই রয়ে গেছে। জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর মতো বাংলাদেশেও গণমাধ্যমসহ সর্বত্র ‘ডি-ফ্যাসিজম’ বা ফ্যাসিবাদের কাঠামোগত মূলোৎপাটনের একটি প্রক্রিয়া শুরু হওয়া অত্যন্ত জরুরি। এমনকি সম্প্রতি টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচারের পর দেশের প্রায় ৩০টি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অথচ যাদের উসকানিমূলক বক্তব্যের কারণে এই ক্ষয়ক্ষতি ঘটল, সেই সাংবাদিক বা মিডিয়ার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দেশে নতুন রাজনীতির সূচনা করতে হলে গণমাধ্যমকে পুরোনো ফ্যাসিবাদী চর্চা থেকে মুক্ত করে নতুন রাজনৈতিক ধারার সঙ্গে পরিচিত করাতে হবে।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এটি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, বরং এটি একটি কাল্ট ও ধর্মের মতো, যার কেন্দ্রবিন্দু ও নবী শেখ মুজিবুর রহমান। কমিউনিস্ট পার্টির মতো আওয়ামী লীগেও শীর্ষ পর্যায়ের বয়ান ও কুৎসা একেবারে তৃণমূল কর্মী পর্যন্ত ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী চ্যানেল রয়েছে। কিছু মিডিয়াও তাদের সেই কাজ করে যাচ্ছে।
রাজনৈতিক চিন্তক ও লেখক ফরহাদ মজহার বলেন, আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই, তাহলে লড়াই করতে হবে জনগণকে নিয়ে। রাজনৈতিক দল একটি প্রতিষ্ঠান। আর সেটিকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয় সংবিধানের মাধ্যমে। বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের প্রথম প্রধান বিষয় ছিল নতুন রাষ্ট্র গঠন ও নতুন সংবিধান তৈরি। কারণ, আওয়ামী লীগের যে সংবিধান, এর মধ্যে ফ্যাসিবাদের বীজ রোপণ করা রয়েছে। বাইরের কোনো দেশ বা রাষ্ট্র বাংলাদেশের জনগণকে শাসন করতে চাইলে তার কাছে অস্ত্র এই সংবিধান।
তিনি বলেন, ১৯৭২ সালের যে সংবিধান তৈরি হয়েছিল, সেখানে এ দেশের মানুষের মতামত, চাহিদা প্রতিষ্ঠিত করতে দেওয়া হয়নি। যারা এই সংবিধান লিখেছিলেন, তারা কেউ এ দেশের নাগরিক ছিলেন না। যত দিন পর্যন্ত আমরা এই সংবিধান মেনে চলব, তত দিন পর্যন্ত ফ্যাসিবাদের বীজ নিয়েই চলব। অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমাদের যা করা দরকার ছিল, তা আমরা করিনি। আমরা একটি উপদেষ্টা সরকার গঠন করেছি। অর্থাৎ, হাসিনা নীতি ধরে রাখার সরকার। উপদেষ্টা সরকারের মাধ্যমে আমরা হাসিনা নীতির রাষ্ট্রকে গ্রহণ করে এখন ফ্যাসিবাদের কথা বলতে এসেছি। আমরা দিন দিন মহাবিপদের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখেছেন, হাসিনার ইস্যুতে দিল্লি কোন সুরে কথা বলছে। আওয়ামী লীগ আবারও প্রমাণ করল, তারা এ দেশে কখনোই মানুষের জন্য রাজনীতি করেনি। তারা মূলত ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিই বাংলাদেশে করেছে। ইতিমধ্যে বিজিবির মাধ্যমে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশে প্রবেশ করবে, সেটি বারবার জানান দিচ্ছে। এই হুমকি মোকাবিলা করতে হবে জনগণকে নিয়েই।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আমার দেশ-এর যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে গণমাধ্যমে ফ্যাসিবাদের যে দৌরাত্ম্য ছিল, সাম্প্রতিক সময়ে তা প্রায় আগের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। মাঝখানে কিছুদিন তারা ঘাপটি মেরে ছিল। ৫ আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যেভাবে হত্যাযোগ্য করার চেষ্টা হয়েছে, একইভাবে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ও জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালনকারীদের আবারও নতুন করে হত্যাযোগ্য করে তোলার প্রক্রিয়া ফ্যাসিবাদী মিডিয়াগুলো শুরু করেছে। গত কয়েক মাসের সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল, এমনকি মূলধারার গণমাধ্যমের সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেল ও পেজগুলো দেখলে বোঝা যায়, তারা জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার এই প্রক্রিয়া শুরু করেছে। হয়তো মূলধারার গণমাধ্যমের মূল কনটেন্টগুলোতে এখনো সেভাবে সেই পর্যায়ে যাচ্ছে না, কিন্তু তাদের বাকি সব কনটেন্টে জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার নতুন মিশনে নেমেছে।
এম আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে গণমাধ্যম সংস্কারের বিষয়ে দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সংস্কারকাজগুলো বাধাগ্রস্ত হয়েছে। যেসব আমলা বা সচিব জুলাইয়ের শক্তিকে সহায়তা করতে বাধা দিয়েছেন, তারা এখনো পদে বহাল আছেন। এই বাস্তবতায় যারা জুলাইয়ের চেতনা ধারণ করেন, তাদের আরও বেশি সক্রিয় ও সোচ্চার হওয়া প্রয়োজন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য আবার বাড়ছে। মিডিয়াগুলো এখনো এত বড় দালাল যে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ ও নিষিদ্ধ বলে না এবং অপরাধীদের পক্ষে সাফাই গেয়ে তথাকথিত ‘ব্যালান্সড নিউজ’-এর নামে গণহত্যার বয়ান তৈরি করছে। বিগত সময়ে যেসব সাংবাদিক ফ্যাসিবাদের দালালি করেছিলেন, বিপ্লবের পর মিডিয়া হাউসে তাদের আবার পুনর্বাসিত করা হচ্ছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় যেসব সাহসী সাংবাদিক নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-জনতার সংবাদ আন্তর্জাতিক মহলে পৌঁছে দিয়েছিলেন, এখন তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।
শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম বলেন, আমরা আজ নতুন করে ফ্যাসিবাদ নিয়ে কথা বলছি, কিন্তু গত ৫৪ বছর ধরেই আমরা এই ফ্যাসিবাদের মধ্যে বসবাস করছি। গণহত্যাকাণ্ডের কথা স্মরণ করে তিনি বলেন, ১৬ বছর হাজার হাজার মানুষকে হত্যা করা সত্ত্বেও সংবাদমাধ্যমে সেটিকে কিছুই না হিসেবে দেখানো হয়েছিল। সেদিন যখন পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যা চালানো হচ্ছিল, তখন আমাদের গণমাধ্যমের ভূমিকা ছিল না। আমাদের সত্য ঘটনা বুঝতে দেওয়া হয়নি এবং পাশের দেশের আধিপত্য যে আমাদের ওপর চেপে বসেছিল, তা মিডিয়া চেপে রেখেছিল।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, জুলাই শক্তির মধ্যে অনৈক্য তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় এসেছে দুইবার—একবার সিপাহি ও আরেকবার জুলাইয়ের মাধ্যমে। কিন্তু বিএনপি বলে, তারা বিপ্লবী দল নয়। বিএনপির মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি আওয়ামী লীগকে চায়, অন্যটি জামায়াতকে। জামায়াত নির্যাতিত দল, তাদের জনগণ ভোট দিয়েছে। আওয়ামী লীগ বিরোধী দল হলে বিএনপির অবস্থান কী থাকবে? গ্যাস-বিদ্যুৎ নিয়ে আওয়ামী লীগের অবস্থান কী থাকবে? সুবিধার আলোচনায় বিএনপি-জামায়াত এক বলেও তিনি মন্তব্য করেন। রাজনীতির চাবি ও রাজনীতির খেলা অন্য জায়গায় উল্লেখ করে জামায়াত-বিএনপিকে এক হয়ে আওয়ামী লীগকে মোকাবিলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসের নাম। এই ভাইরাস ধ্বংস করতে হবে। বাংলাদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। সে যে-ই হোক, আমরা কাউকে মানব না। জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মিডিয়ার আওয়ামী বয়ান বন্ধ করতে হবে, তাদের চিহ্নিত করতে হবে। যারা গোপালগঞ্জে আগুন দিচ্ছে, শরীয়তপুরে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার এখনো কেন বিষয়গুলোকে নীরবতার সঙ্গে দেখছে, এর রহস্য কোথায়, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডব চলছে। এখন সময় আওয়ামী লীগ নিষিদ্ধের। এ জন্য আওয়ামী লীগবিরোধী সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। গোপালগঞ্জে বিএনপির পাঁচটি লাশ পড়লে আওয়ামী লীগের ৫০টি লাশ পড়বে। সরকার ধৈর্য ধরে সেগুলো মোকাবিলা করছে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণকে নিয়ে তা মোকাবিলা করা হবে। আমি বিশ্বাস করি, এই দেশে আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না। ফিরলেও আগের মতো আসতে পারবে না। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি। ফ্যাসিবাদ ফিরে এলে বিএনপি-জামায়াতের সবাইকে ফাঁসি দেবে, সবাইকে সাইজ করবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদ বন্ধের ঐক্য গড়তে হবে।
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিক্ষক ও গবেষক ড. শিব্বির আহমেদ, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আজমী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়াউল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম।
বিভি/কেএস/পিএইচ













মন্তব্য করুন: