রাত পোহালেই চুক্তি, শাহজালালের থার্ড টার্মিনালে মিলবে যেসব বাড়তি সুবিধা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে আধুনিক ও বাড়তি নানা সুবিধা। লাগেজ সরবরাহ, চেক-ইন, ইমিগ্রেশন ও নিরাপত্তা তল্লাশি থেকে শুরু করে গাড়ি পার্কিং—প্রতিটি সেবার জন্য নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট সময় ও মানদণ্ড। টার্মিনালটিতে থাকবে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট, ১২টি বোর্ডিং ব্রিজসহ অত্যাধুনিক বিভিন্ন সরঞ্জাম ও যাত্রীসেবা ব্যবস্থা। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ ব্যাগেজ বেল্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল সোমবার তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী এসব তথ্য জানান।
চুক্তি অনুযায়ী, ন্যারো-বডি উড়োজাহাজের প্রথম লাগেজ ১৫ মিনিটে এবং সর্বশেষ লাগেজ ৪২ দশমিক ৫ মিনিটের মধ্যে বেল্টে পৌঁছে দিতে হবে। ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ লাগেজ সরবরাহের সময়সীমা ৪৭ দশমিক ৫ মিনিট। বিজনেস ক্লাসের যাত্রীদের চেক-ইন সেবা ৫ থেকে ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ব্যাগেজ হ্যান্ডলিং, স্বয়ংক্রিয় চেক-ইন, যাত্রী প্রক্রিয়াকরণ ও ফ্লাইট তথ্য প্রদর্শনব্যবস্থা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে।
তৃতীয় টার্মিনালে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার এবং ১৬টি এয়ারলাইনসের টিকিট বিক্রির কাউন্টার থাকবে। লাগেজ সংগ্রহের জন্য থাকবে ১৬টি বড় ব্যাগেজ কনভেয়ার বেল্ট।
এ ছাড়া ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ, ২৫টি রিমোট পার্কিং বে, ৯৯টি ব্যাগেজ এক্স-রে মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর ও ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র রয়েছে। যাত্রী চলাচলে মুভিং ওয়াকওয়ে, এস্কেলেটর ও লিফটের সুবিধা থাকবে। বহুতল পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখা যাবে।
নতুন আমদানি কার্গো টার্মিনালের আয়তন ২৭ হাজার বর্গমিটার এবং রপ্তানি কার্গো টার্মিনালের আয়তন ৩৬ হাজার বর্গমিটার। বছরে দুটি টার্মিনালে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা যাবে। এর মধ্যে আমদানি কার্গো ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন এবং রপ্তানি কার্গো ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে নির্ধারিত এলাকা হস্তান্তর করা হবে। আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ এবং ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে।
চুক্তির ১৫ বছর মেয়াদ শুরু হবে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট নতুন টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে। পরিচালনাকারী প্রতিষ্ঠান নিজস্ব ব্যয়ে টার্মিনাল, পার্কিং ও কার্গো অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। তবে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের নিয়ন্ত্রণে থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর।
রাজস্ব বণ্টন অনুযায়ী, কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। পূর্ণ সক্ষমতায় পৌঁছালে এই অংশ বেড়ে ২৭ শতাংশ হবে। সেবার মান নিশ্চিত করতে চুক্তিতে প্রধান কার্যসম্পাদন সূচক (কেপিআই) রাখা হয়েছে। নির্ধারিত মান অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে প্রতিষ্ঠানটিকে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: