• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪২

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪২

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে অবিস্ফোরিত ককটেল, পেট্রলবোমার অংশবিশেষ, দেশিয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধের ঘটনায় ৪১টি মামলা করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্যসহ ওই ৪৪২ জনকে ধরা হয়। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং রমনা বিভাগে ১৭ জন গ্রেফতার হয়েছেন। এর বাইরে গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ এবং একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী তল্লাশিতে জব্দ করা হয়েছে ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও ৯৬ গ্রাম গাঁজা। এর বাইরেও ১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

বিভি/বিএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত