সড়কে গাছ ফেলে, আগুন জ্বালিয়ে অবরোধ চেষ্টা; গ্রেফতার ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোরে উপজেলার বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে সকালে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। তবে এর আগেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত পাঁচজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/নোয়াখালী/পিএইচ













মন্তব্য করুন: