• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শাহ আমানতে যাত্রী হয়রানি; তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

প্রকাশিত: ১৮:০৫, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:০৮, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শাহ আমানতে যাত্রী হয়রানি; তিনজনের কারাদণ্ড, ১৬ জনকে জরিমানা

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৬ জনকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিমানবন্দরে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে বিমানবন্দরের পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারায় ১৫ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া যাত্রী হয়রানির অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে ৩০ দিন এবং অন্য দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিমানবন্দরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত ও অন্যান্য সেবা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক।

বিভি/চট্টগ্রাম/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত