সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান আসাবুর সানা অস্ত্র-গুলিসহ আটক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া দস্যুদের কাছে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি কাঠের নৌকা ও দস্যুদের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যু দল সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর মধ্যরাতে সুন্দরবনসংলগ্ন মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) আটক হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, বনদস্যু আসাবুর সানাকে ২০২৪ সালের ১২ নভেম্বর আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন।
আটক আসাবুর সানা (৪৫) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
আটক ব্যক্তি, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বিভি/মোংলা/পিএইচ













মন্তব্য করুন: