• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতি: বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১১:১১, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এসএসসি পরীক্ষার ফল জালিয়াতি: বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। 

সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেল এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। 

তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- প্রোগ্রামার মো. আবদুল মালেক, স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম জিসান। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি মহানগরীর হালিশহরে এবং মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানান, জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। জালিয়াতির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করছে সিআইডি।

প্রসঙ্গত: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছিল।

এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলেও তাতে নানা অসঙ্গতি থাকায় আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেননি। ফলে ওই মামলার তদন্ত নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

বিভি/এসপি/এজেড

মন্তব্য করুন: