• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২%, নারী-পুরুষের পাশাপাশি আছে হিজড়াও

প্রকাশিত: ১৩:২৭, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:০৬, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২%, নারী-পুরুষের পাশাপাশি আছে হিজড়াও

দেশে এক বছরের ব্যবধানে নতুন করে এইচআইভি সংক্রমণ শনাক্তের হার ২২ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৮৫ জন। এ ছাড়া নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে তরুণ ও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়। এতে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, যা আগের বছরের ১ হাজার ৮৯১ জনের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে এইচআইভিতে আক্রান্ত হয়ে ২৮৫ জন মারা গেছেন, যেখানে আগের বছর মৃতের সংখ্যা ছিল ২৫৪। 

প্রতিবেদনের পরিসংখ্যান বলছে, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য। বয়স বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। বৈবাহিক অবস্থার হিসাবে ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

আক্রান্ত ব্যক্তিদের পেশা ও আচরণগত পরিচয় বিশ্লেষণে উঠে এসেছে, ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ১০ শতাংশ নারী যৌনকর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য এবং ১ শতাংশ নারী যৌনকর্মী। এর বাইরে বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ১১ শতাংশ এবং অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর মধ্যে ১৮ শতাংশ সংক্রমণ শনাক্ত হয়েছে। 

এইচআইভি শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসার আওতায় আসার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর শনাক্ত ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্তের পরপরই চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এতে অন্যের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কার্যত নির্মূল করা যায়।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনাক্তের সংখ্যাও বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে। 

তিনি আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। তাদের মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছরও এ দুই জনগোষ্ঠীর মধ্যে শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ। এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন আক্রান্ত ব্যক্তি এখনো শনাক্তের বাইরে রয়েছেন।

বিভি/বিএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত