সন্তান নেওয়ার আগে নারীদের ডিম্বাণু সংরক্ষণের পরামর্শ
ক্যারিয়ার, পড়াশোনা কিংবা ব্যক্তিগত জীবনের নানা পরিকল্পনার কারণে অনেক নারীই মা হওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। তাই ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা ধরে রাখতে এখন আলোচনায় আসছে ডিম্বাণু সংরক্ষণ বা ‘এগ ফ্রিজিং’।
সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্ত্রীরোগ ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক স্নেহাল কোহালে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে তিনি এগ ফ্রিজিং নিয়ে ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন।
কী এই এগ ফ্রিজিং?
এগ ফ্রিজিং বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ওসাইট ক্রায়োপ্রিজারভেশন’ হলো নারীর ডিম্বাণু সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা। ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা করলে এসব ডিম্বাণু ব্যবহারের সুযোগ থাকে।
কোন বয়সে ডিম্বাণু সংরক্ষণ করা ভালো?
বিশেষজ্ঞের মতে, ত্রিশের পর নারীর ডিম্বাণুর সংখ্যা ও গুণগত মান কমতে শুরু করে। বিশেষ করে ৩৫ বছরের পর এই পরিবর্তন আরও স্পষ্ট হয়। ৩৭ বছরের পর গর্ভধারণের সম্ভাবনা তুলনামূলক দ্রুত কমতে পারে। তাই মধ্য ত্রিশের আগেই এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
কীভাবে করা হয় এই প্রক্রিয়া?
সাধারণত এগ ফ্রিজিংয়ের একটি চক্র সম্পন্ন হতে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথমে হরমোনের ওষুধ দিয়ে ডিম্বাশয়কে একাধিক ডিম্বাণু তৈরি ও পরিপক্ব হতে সহায়তা করা হয়। এরপর রক্ত পরীক্ষা ও আলট্রাসাউন্ডের মাধ্যমে ডিম্বাণুর বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়।
পরিপক্ব ডিম্বাণু বিশেষ প্রক্রিয়ায় সংগ্রহ করে দ্রুত হিমায়িত করা হয়। ভবিষ্যতে প্রয়োজন হলে সেগুলো গলিয়ে শুক্রাণুর সঙ্গে নিষিক্ত করে ভ্রূণ তৈরির চেষ্টা করা হয়।
কাদের জন্য উপকারী হতে পারে?
- যারা ব্যক্তিগত বা পেশাগত কারণে মাতৃত্বের সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন।
- যারা এখনো জীবনসঙ্গী খুঁজে পাননি।
- যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো চিকিৎসার মুখোমুখি হচ্ছেন।
- যাদের পরিবারে অল্প বয়সে মেনোপজের ইতিহাস রয়েছে।
কী কী পরীক্ষা করতে হয়?
এগ ফ্রিজিংয়ের আগে চিকিৎসকেরা সাধারণত নারীর শারীরিক ও পারিবারিক ইতিহাস পর্যালোচনা করেন। পাশাপাশি এএমএইচ (AMH) রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট (AFC) করা হয়। এসব পরীক্ষায় ডিম্বাশয়ে ডিম্বাণুর সম্ভাব্য মজুত এবং চিকিৎসায় সাড়া দেওয়ার ধারণা পাওয়া যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকি কতটা?
এগ ফ্রিজিং সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। হরমোনের ওষুধের কারণে পেট ফাঁপা, অস্বস্তি ও মেজাজের পরিবর্তন হতে পারে। বিরল ক্ষেত্রে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম দেখা দিতে পারে। ডিম্বাণু সংগ্রহের সময় রক্তপাত, সংক্রমণ কিংবা অ্যানেসথেশিয়াজনিত জটিলতার সামান্য ঝুঁকিও রয়েছে।
বিশেষজ্ঞের মতে, ডিম্বাণু সংরক্ষণ করলেই ভবিষ্যতে সন্তান জন্ম নিশ্চিত হয় না। ডিম্বাণু সংরক্ষণের সময় বয়স, সংরক্ষিত পরিপক্ব ডিম্বাণুর সংখ্যা এবং পরবর্তী নিষিক্তকরণ ও ভ্রূণের বিকাশের ওপর সাফল্য নির্ভর করে।
চিকিৎসকের পরামর্শ, বয়স ৩০ কিংবা ৩৫ পেরিয়ে যাচ্ছে বলে আতঙ্কিত হয়ে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং নিজের প্রজননস্বাস্থ্য সম্পর্কে আগেভাগে সচেতন হওয়া এবং চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভি/জোহা













মন্তব্য করুন: