ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই: ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮
প্রতিকী ছবি (বাসস)
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মোট প্রাণহানি বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৭৮ জন রোগী।
রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যুই হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যেও ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬২ জন রয়েছেন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৪০ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে।
এ ছাড়া খুলনা বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী ও রংপুর বিভাগে ৪৭ জন করে এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারানো ৫৩২ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ২৭০ জন।
একই সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: