হামের আতঙ্ক কাটছে না: একদিনে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৮
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৮ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৬ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ১ হাজার ৩৮৯ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৯ শিশু। এ সময়ে ১ হাজার ২২০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৭৪। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬৮৭।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩৭ হাজার ৬৪৭ রোগী। তাদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৪৯৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: