• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

যে মেডিকেলের ছাত্র ছিলেন, হলেন সে হাসপাতালেরই পরিচালক 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ৩০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যে মেডিকেলের ছাত্র ছিলেন, হলেন সে হাসপাতালেরই পরিচালক 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। 

রবিবার (২৯ নভেম্বর) ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়। তাকে ৫ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। তা না হলে ৬ ডিসেম্বর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন তিনি। 

ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদের জন্ম ১৯৭৬ সালে। কুমিল্লা মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ১৯৯৩–৯৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হন তিনি। কলেজের তৎকালীন ১ নম্বর ছাত্রাবাসে থাকতেন তিনি। ২০০১ সালে এমবিবিএস সম্পন্ন করেন। ছাত্রজীবনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, সন্ধানী ও রোটার‌্যাক্ট ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। 

ছাত্ররাজনীতিতেও সক্রিয় ছিলেন ডা. বশির। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত শাখাটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেও (ড্যাব) দায়িত্ব পালন করেছেন। 

২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে তার কর্মজীবন শুরু হয়। প্রথমে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন। ২০২৫ সালের মার্চে কুমিল্লার সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়ে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়ার বিষয়ে নিয়ে ডা. আলী নুর মোহাম্মদ বশির জানান, “যে প্রতিষ্ঠানে ছাত্রজীবনের অনেকটা সময় কাটিয়েছি, সেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দের, গর্বের এবং আবেগের। কুমিল্লাবাসীর কাছে আমি আন্তরিকভাবে সহযোগিতা ও দোয়া চাই। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি—সেই চেষ্টা করব। রোগীরা যেন এই হাসপাতালে এসে যথাযথ সেবা ও আন্তরিকতা পান, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য।”

বিভি/টিটি

মন্তব্য করুন: