• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইসরাইল কথা না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফিরিয়ে দেবে শান্তি পরিষদ

প্রকাশিত: ১১:৪৬, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪৭, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসরাইল কথা না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফিরিয়ে দেবে শান্তি পরিষদ

বিধ্বস্ত গাজায় বেঁচে থাকাটাও একটা ভাগ্য। ছবি: এএফপি

২০ দফা পরিকল্পনার আওতায় দেওয়া প্রতিশ্রুতি ইসরাইল বাস্তবায়ন না করলে গাজার দায়িত্ব আবারও জাতিসংঘের হাতে তুলে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা গাজা শান্তি পরিষদের এক জ্যেষ্ঠ উপদেষ্টা। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি পরিষদের উপদেষ্টা হিসেবে ট্রাম্পের নিয়োগ পাওয়া এবং হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন জশ গ্রুয়েনবাম ওয়াইনেটকে বলেন, ‘আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি এবং ইসরাইলকে সময় ও সুযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরও—যদিও এখনো কোনো সুস্পষ্ট জোট সরকার গঠিত হয়নি—প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে ইসরাইল এগোচ্ছে না। বিষয়টি হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘ইসরাইলের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি আর রক্ষা করতে না চায়, তাহলে শুধু আমাদের জানিয়ে দিক। আমরা গাজার দায়িত্বের চাবি আবার জাতিসংঘের হাতে ফিরিয়ে দেব।’

ওয়াইনেট জানিয়েছে, গত সপ্তাহে ইসরাইল সফর করা শান্তি পরিষদের সদস্যদের তৈরি একটি উপস্থাপনা তারা দেখেছে। ওই উপস্থাপনার শেষ স্লাইডের শিরোনাম ছিল ‘গাজার জন্য বিকল্প ব্যবস্থা’। সেখানে পরিকল্পনাটি পরিত্যক্ত হলে সম্ভাব্য কয়েকটি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

এসব বিকল্পের মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন ও কংগ্রেসের পক্ষ থেকে ভিন্ন কোনো পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে গাজার দায়িত্ব নেওয়া (সম্ভবত জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর মাধ্যমে), ফিলিস্তিনি কর্তৃপক্ষ অথবা হামাসের হাতে দায়িত্ব তুলে দেওয়া।

উপস্থাপনায় উল্লেখ করা সর্বশেষ বিকল্পটি হলো, গাজার বাসিন্দাদের প্রশাসনিক ও মানবিক ব্যয়ের পুরো দায়িত্ব ইসরাইলের ওপর বর্তানো।

আরেকটি স্লাইডে বলা হয়েছে, গত জুলাইয়ে হামাস আনুষ্ঠানিকভাবে ২০ দফা পরিকল্পনা মেনে নেয়। ওই পরিকল্পনায় অস্ত্র ত্যাগ এবং গাজার প্রশাসনিক দায়িত্ব গাজার প্রশাসনের জন্য গঠিত জাতীয় কমিটির (এনসিএজি) কাছে হস্তান্তরের অঙ্গীকার করা হয়। প্রযুক্তিনির্ভর ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটিরই ভূখণ্ডটি পরিচালনার কথা।

ওয়াইনেটের বরাতে গ্রুয়েনবাম বলেন, ‘আমরা এখন অচলাবস্থায় রয়েছি। নেতানিয়াহু সরকারের ভেতরের কিছু রাজনৈতিক পক্ষ আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করছে। ফলে হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা যাচাই করার সুযোগও আমরা পাচ্ছি না।’ 

সূত্র: মিডল ইস্ট আই

বিভি/এজেড

মন্তব্য করুন: