কপ অধিবেশনে তরুণের প্রতিবাদ, ‘আপনারা ভবিষ্যৎকে ধ্বংস করছেন’
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সমাপনী অধিবেশনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কার্যকর সিদ্ধান্ত না নেওয়া এবং আলোচনার অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন মালয়েশিয়ার এক তরুণ জলবায়ুকর্মী। প্রতিবাদের পর তাকে অধিবেশনস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
আমালিন (Amalen) নামের ওই তরুণী আরটিভিস্ট নেটওয়ার্ক-এর সঙ্গে যুক্ত। কপ৩১-এর সমাপনী বক্তব্য চলাকালে তিনি সম্মেলনের নেতৃত্ব ও বিশ্বনেতাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় খসড়া প্রকাশ না করে আলোচনা বন্ধ দরজার আড়ালে চালানো হচ্ছে।
প্রতিবাদে তিনি বলেন, “You are killing the future” (আপনারা ভবিষ্যৎকে ধ্বংস করছেন)। জলবায়ু সংকট মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অথচ আলোচনায় অংশ নেওয়া নেতারা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।
নিজের জন্মদিনের প্রসঙ্গ তুলে আমালিন বলেন, তিনি যে বছর জন্মগ্রহণ করেছিলেন, সেই বছরই জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) স্বাক্ষরিত হয়েছিল। অথচ ৩৪ বছর পরও বিশ্ব জলবায়ু সংকট মোকাবিলায় যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা রক্ষার লক্ষ্যকে ঝুঁকির মুখে ফেলে জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “The world is collapsing and you keep stalling”—বিশ্ব যখন বিপর্যয়ের মুখে, তখনও সিদ্ধান্ত গ্রহণকারীরা সময়ক্ষেপণ করছেন।
প্রতিবাদের একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাঁকে অধিবেশনস্থল থেকে সরিয়ে নেন।
কপ৩১-এর শেষ পর্যায়ে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে স্পষ্ট অঙ্গীকার বাদ পড়া এবং অভিযোজন অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অমীমাংসিত মতপার্থক্য নিয়ে বিভিন্ন দেশ ও জলবায়ু সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। সম্মেলনের খসড়া সিদ্ধান্ত নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।
Amalen-এর এই প্রতিবাদ COP31-এর আনুষ্ঠানিক আলোচনার বাইরে তরুণ প্রজন্মের হতাশা ও ক্ষোভের একটি দৃশ্যমান প্রকাশ হিসেবে সামনে এসেছে। তাঁর বার্তা স্পষ্ঠ জলবায়ু সংকট মোকাবিলায় আর বিলম্ব নয়, প্রয়োজন কার্যকর সিদ্ধান্ত ও জবাবদিহি।
বিভি/কেএস/এজেড













মন্তব্য করুন: