স্পেনে চলছে ভোট, শেষ হচ্ছে ফিলিস্তিনপন্থি সানচেজ যুগ?
স্পেনের রাজনীতিতে আট বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটবে, নাকি আরও একবার ক্ষমতা ধরে রাখবেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ? এই প্রশ্ন সামনে রেখেই রোববার (২৯ নভেম্বর) দেশটির সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। জনমত জরিপে এগিয়ে রয়েছে প্রধান বিরোধী দল রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। তাদের সঙ্গে কট্টর ডানপন্থি ভক্সের জোট সরকার গঠনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
৩৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৭৬টি আসন। নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, পিপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভক্সের সমর্থনে সরকার গঠনের মতো আসন পেতে পারে। এমনটি হলে ১৯৭৫ সালে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসানের পর প্রথমবারের মতো স্পেনের জাতীয় সরকারে জায়গা পেতে পারে কট্টর ডানপন্থিরা।
তবে শেষ মুহূর্তের প্রচারে ব্যবধান কমানোর চেষ্টা করেছেন সানচেজ। সাম্প্রতিক জনমত জরিপে তার নেতৃত্বাধীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) সঙ্গে পিপির ব্যবধান কিছুটা কমেছে। যদিও সামগ্রিক জরিপে পিপিই এগিয়ে রয়েছে।
২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিবাসন নীতি এবং আবাসন সংকট মোকাবিলায় ব্যর্থতা নিয়ে সমালোচনা রয়েছে। সংসদে আবাসন সংক্রান্ত প্রস্তাব আটকে যাওয়ার পরই আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। অন্যদিকে পিপি নেতা আলবের্তো নুনিয়েস ফেইহো ক্ষমতায় ফেরার সুযোগ দেখছেন।
নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অভিবাসন, বাড়িভাড়া, জীবনযাত্রার ব্যয় ও দুর্নীতির প্রশ্ন। সানচেজ তার প্রচারে সামাজিক অধিকার ও কল্যাণমূলক নীতির ধারাবাহিকতার ওপর জোর দিয়েছেন। অন্যদিকে পিপি ও ভক্স সরকার গঠন করতে পারলে অভিবাসন ও সামাজিক নীতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে স্পেনের এই নির্বাচন শুধু দেশটির ক্ষমতার পালাবদল নয়, ইউরোপের রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে।
দীর্ঘদিন স্পেনের ক্ষমতায় থাকা সানচেজ আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে তার সরকার। একই সঙ্গে ইউরোপের অনেক দেশের তুলনায় অভিবাসন প্রশ্নে উদার নীতি অনুসরণ করেছেন তিনি। অভিবাসীদের বৈধতা, কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নিয়েছে তার সরকার। সম্প্রতি প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে মাদ্রিদ।
বিভি/এইচজে













মন্তব্য করুন: