• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সৌদি আরবে নতুন করে পাকিস্তানি সেনা মোতায়েন, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৫:৫৯, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সৌদি আরবে নতুন করে পাকিস্তানি সেনা মোতায়েন, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিতে নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে পাকিস্তান। তবে কতসংখ্যক সেনা পাঠানো হচ্ছে কিংবা তাদের সুনির্দিষ্ট দায়িত্ব কী, তা এখনো প্রকাশ করেনি দেশটির সামরিক বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বিবৃতিতে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার সেনাদের বিদায় জানানোর আনুষ্ঠানিক আয়োজন করা হয়। এতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সেনা মোতায়েন করা হচ্ছে। সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্রতা সুরক্ষায় পাকিস্তানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সামরিক বাহিনী।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা জোরদারের উদ্যোগটি নেওয়া হয়েছে। গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায়ও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যদেশ আক্রান্ত হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবে নতুন করে পাকিস্তানি সেনা মোতায়েনের পেছনে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগই মূল ভূমিকা রাখছে। বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চাইছে রিয়াদ। গত আগস্টে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ফলে পাকিস্তানি সেনা মোতায়েনকে শুধু সামরিক সহযোগিতা নয়, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা সমীকরণে দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠতারও বহিঃপ্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত