• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

‘মোহাম্মদ’ নাম শুনেই হামলা চালান ভারতীয়, উবার চালকের মৃত্যু

প্রকাশিত: ১৮:০১, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘মোহাম্মদ’ নাম শুনেই হামলা চালান ভারতীয়, উবার চালকের মৃত্যু

যাত্রীর কাছে নিজের নাম বলেছিলেন মোহাম্মদ। জবাবে শুনতে হয়েছিল, ‘এই নাম আমার পছন্দ নয়।’ এরপরই শুরু হয় ভয়াবহ হামলা। সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ, গাড়ির চাকায় পিষ্ট করা, সবশেষে খাদে ফেলে রেখে যাওয়া হয় তাকে। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের সোমালি বংশোদ্ভূত উবারচালক মোহাম্মদ ইউসুফ।

শনিবার সকালে মিনেসোটার হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে ৫১ বছর বয়সী ইউসুফের মৃত্যু হয়। গত ১৪ নভেম্বর মিনিয়াপলিসের শহরতলি হপকিনসে হামলার শিকার হন তিনি। মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) মিনেসোটা শাখা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এ ঘটনায় ২৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে আগে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছিল। ইউসুফের মৃত্যুর পর অভিযোগ পরিবর্তন করে ইচ্ছাকৃত হত্যার মামলা করার কথা জানিয়েছেন হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি।

আদালতের নথি অনুযায়ী, ঘটনার সময় ইউসুফের ভাই ফোনে তার সঙ্গে কথা বলছিলেন। তিনিও উবারচালক। যাত্রীকে গাড়িতে তোলার পর নাম জানতে চাইলে ইউসুফ ‘মোহাম্মদ’ বলেন। তখনই যাত্রী নামটি অপছন্দের কথা জানান বলে অভিযোগ। কিছুক্ষণ পর ফোনে ভাই শুনতে পান, ইউসুফ সোমালি ভাষায় চিৎকার করে বলছেন, তাকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হচ্ছে।

১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসা ইউসুফ পাঁচ সন্তানের জনক। তাঁর মৃত্যুতে দেশটির বৃহত্তম সোমালি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত