• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মাস্কের স্টারলিংক দিয়েই মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের হামলা

প্রকাশিত: ১৫:৪৪, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাস্কের স্টারলিংক দিয়েই মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের হামলা

যে স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতে মার্কিন স্বার্থ ও মিত্রদের সহায়তায় ব্যবহৃত হচ্ছে, সেই স্টারলিংক ব্যবহার করেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। 

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, স্টারলিংকের দুটি অননুমোদিত উৎস ব্যবহার করে ওইসব হামলা হয়। এই ঘটনা শনাক্ত হওয়ার পর স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে স্পেসএক্স। কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, তদন্তে ওইসব উৎস ব্যবহার করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার যোগসূত্র পাওয়া গেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর যোগাযোগ ও অভিযান পরিচালনায় স্টারলিংক ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। এমনকি ড্রোন হামলা পরিচালনার তদারকিতেও এই প্রযুক্তি ব্যবহারের তথ্য রয়েছে।

তবে পেন্টাগন জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দপ্তরে এমন কোনো প্রতিবেদন পাঠানোর বিষয়ে তারা অবগত নয়। ইরানের সামরিক অভিযানে স্টারলিংকের ব্যবহার নিয়েও নিশ্চিত করে কিছু বলেনি তারা। স্পেসএক্সও এ বিষয়ে মন্তব্য করেনি।

ইরানে স্টারলিংক পরিচালনার আনুষ্ঠানিক অনুমোদন নেই। তবে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ ও ইন্টারনেট নিয়ন্ত্রণের সময় সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে এই সেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে একদিকে ইরানিদের ইন্টারনেট সুবিধা দেওয়া, অন্যদিকে একই প্রযুক্তির সামরিক অপব্যবহার ঠেকানো, দুইয়ের মধ্যে কঠিন ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে পড়েছে স্পেসএক্স।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত