এবার সুইডিশ সংবাদমাধ্যমের শিরোনাম ‘সুইডেন আসলাম’
ঢাকার অপরাধজগতের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু মুক্তির দুই বছর না পেরোতেই আবারও গ্রেপ্তার হয়ে নতুন করে আলোচনায় তিনি। এবার তার সেই গ্রেপ্তারের খবর জায়গা করে নিয়েছে সুইডেনের জনপ্রিয় সংবাদমাধ্যম আফটনব্লাডেটেও।
২৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে ৬৪ বছর বয়সী আসলামের অপরাধজগতের অতীত, দীর্ঘ কারাজীবন এবং নতুন করে গ্রেপ্তারের ঘটনা তুলে ধরেছে পত্রিকাটি। তাদের প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। প্রায় এক মাস ধরে তার ওপর নজরদারি চলছিল বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আশির দশক থেকে ঢাকার অপরাধজগতে পরিচিত হয়ে ওঠা আসলামের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, যার মধ্যে নয়টি হত্যার অভিযোগ। ১৯৯৭ সালে গ্রেপ্তারের পর দীর্ঘ সময় কারাগারে কাটান তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের গল্প। আফটনব্লাডেটের প্রতিবেদন অনুযায়ী, তার প্রথম স্ত্রী সুইডেনে থাকতেন। আসলাম নিজেও জীবনের কয়েকটি বছর দেশটিতে কাটিয়েছিলেন। সেই সূত্রেই তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়।
এবার নিউমার্কেট এলাকায় ২৮ এপ্রিল ব্যবসায়ী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন তিনি। পুলিশের ধারণা, গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। ২৮ নভেম্বর প্রথম দফার রিমান্ড শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে মামলায় তার সংশ্লিষ্টতা এখনো তদন্তাধীন।
বিভি/এইচজে













মন্তব্য করুন: