এবার যুক্তরাজ্যের পেনশন সিস্টেমে হ্যাকারদের হামলা, অনলাইন সেবা বন্ধ
ছবি” বিবিসি
সাইবার হামলার কারণে অফলাইনে নেওয়া হয়েছে যুক্তরাজ্যের পেনশন ও ভাতা সংক্রান্ত অনলাইন সেবাগুলো। দেশটির কর্মসংস্থান ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি) নিশ্চিত করেছে, তাদের বিভিন্ন সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে সেবাগুলো বন্ধ রাখা হলেও নিয়মিত পেনশন ও ভাতা পরিশোধ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে সরকার। রবিবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবারও (২৮ নভেম্বর) এসব অনলাইন সেবা বন্ধ ছিল। হামলার পর জনসাধারণের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সিস্টেমগুলো অফলাইনে নেওয়া হয়। যদিও কিছু ভাতাপ্রাপক অর্থ পেতে বিলম্বের অভিযোগ করেছেন, তবে কর্তৃপক্ষ মনে করছে, ওই বিলম্বের সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।
শনিবার কর্মসংস্থান ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তিনি এ ঘটনা সম্পর্কে অবগত হন। কী ঘটেছে তা শনাক্ত করতে সময় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, জনসাধারণ ও তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে প্রথম পদক্ষেপ হিসেবে সিস্টেমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো সেবা অনলাইনে ফিরিয়ে আনা হবে না। যত দ্রুত সম্ভব সেবা পুনরায় চালু করা হবে। তবে নিরাপত্তা নিশ্চিত না করে তাড়াহুড়ো করে সিস্টেম চালু করা ঠিক হবে না।
ভাতা ও পেনশন পরিশোধে বিলম্বের অভিযোগ প্রসঙ্গে ম্যাকফ্যাডেন বলেন, কয়েক দিন আগেই অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ফলে শুক্রবার কেউ অর্থ না পেয়ে থাকলে, সেটি সাইবার হামলার কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে না। এ ধরনের সমস্যা হলে সংশ্লিষ্টদের অফিস চলাকালীন সময়ে বিভাগটির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
বিবিসির ‘সানডে উইথ লরা কুয়েনসবার্গ’ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী লুসি পাওয়েলও। তিনি বলেন, কর্মসংস্থান ও পেনশন বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং নিয়মিত অর্থ পরিশোধ অব্যাহত থাকবে। এ হামলা অর্থ পরিশোধের ব্যবস্থায় কোনো প্রভাব ফেলবে না।
হামলার কারণ অনুসন্ধানে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার ও সরকারি সাইবার সমন্বয় কেন্দ্রের বিশেষজ্ঞরা কাজ করছেন। তদন্তে অগ্রগতির পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত নয়।
ডিডব্লিউপির এক মুখপাত্র বলেন, গ্রাহকদের আশ্বস্ত করা হচ্ছে যে নিয়মিত ভাতা ও পেনশন যথারীতি দেওয়া হবে। জনসাধারণের জন্য অনলাইন সেবা নিরাপদে পুনরায় চালু করতে সংশ্লিষ্ট দলগুলো দ্রুত কাজ করছে।
একই সঙ্গে গ্রাহকদের প্রতারণামূলক বার্তা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিভাগটি। ডিডব্লিউপি কখনোই টেক্সট মেসেজ বা ইমেইলে ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্য চাইবে না এবং কোনো লিংকে ক্লিক করতে বলবে না বলে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিকারবিষয়ক সাময়িকী ‘হু?’-এর আইন বিশেষজ্ঞ লিসা ওয়েবও আগামী দিনগুলোতে অপ্রত্যাশিত বার্তা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ডিডব্লিউপি বা ব্যাংকের পরিচয়ে পাঠানো বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন তিনি। কারও পরিচয় নিয়ে সন্দেহ হলে কথোপকথন বন্ধ করে সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। ব্যাংকের প্রতারণা বিভাগে যোগাযোগের জন্য যুক্তরাজ্যে ১৫৯ নম্বরে কল করা অথবা ব্যাংক কার্ডের পেছনে থাকা নম্বরে ফোন করার পরামর্শও দেন তিনি।
দেশটির তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থাও এ ঘটনা নিয়ে ডিডব্লিউপির সঙ্গে যোগাযোগ রাখছে।
এ হামলা যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক সাইবার নিরাপত্তা ঘটনার সর্বশেষ ঘটনা। এর ফলে সরকারি কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান চাহিদা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর রয়েছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এর আগে চলতি মাসে ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ব্যবহৃত সফটওয়্যারকে লক্ষ্য করে সাইবার হামলার ঘটনায় যুক্তরাজ্যের কয়েকটি মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানের হিমাগারের তাপমাত্রা রাতারাতি বেড়ে যাওয়ার ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান নেক্সট ও আসোসও পৃথকভাবে তাদের কিছু তথ্য অননুমোদিতভাবে প্রবেশের শিকার হওয়ার ঘটনা জানিয়েছে।
এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির কর্মসংস্থান ও পেনশনবিষয়ক ছায়ামন্ত্রী হেলেন হোয়েটলি। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান সাইবার হামলা থেকে সুরক্ষা দিতে এবং এ ধরনের হুমকি মোকাবিলায় সিস্টেমগুলোর সক্ষমতা ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করতে লেবার সরকারকে আরও পদক্ষেপ নিতে হবে।
সূত্র: বিবিসি
বিভি/পিএইচ













মন্তব্য করুন: