• NEWS PORTAL

  • সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ডিআর কঙ্গোয় মৃত্যু ৬ হাজার ছাড়ালো

প্রকাশিত: ২৩:২৯, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৩১, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ডিআর কঙ্গোয় মৃত্যু ৬ হাজার ছাড়ালো

ছবি: আলজাজিরা

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আটটি প্রদেশে ১২ হাজার ২৫৪ জন আক্রান্ত হয়েছেন। এটি দেশটির ইতিহাসে ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব এবং বিশ্বে দ্বিতীয় প্রাণঘাতী ইবোলা মহামারি।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে ইবোলায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ২৫ জনে পৌঁছেছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৫৪।

২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলার প্রাদুর্ভাবে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই মহামারির পর বিশ্বে এটিই সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব।

গত ১৫ মে ডিআর কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এসব অঞ্চলে কয়েক দশক ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলছে।

বার্তা সংস্থা রয়টার্সের রোববারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত সবচেয়ে বেশি দুটি এলাকার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।

এ পর্যন্ত শনাক্ত সংক্রমণের প্রায় অর্ধেকই মৃত্যুর কারণ হয়েছে। অনেক রোগী দেরিতে চিকিৎসা নিতে আসছেন, আবার কেউ কেউ চিকিৎসাকেন্দ্রে যাওয়া এড়িয়ে চলছেন।

চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) ইবোলা মোকাবিলা কার্যক্রমের সমন্বয়ক আনা হ্যালফোর্ড আগে আলজাজিরাকে জানিয়েছিলেন, নিরাপত্তাহীনতার কারণে কিছু এলাকায় চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো ও সংক্রমিত রোগী শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) নভেম্বরের শুরুতে প্রকাশিত তথ্যে জানিয়েছে, ইবোলায় মৃত্যুর ৬০ শতাংশের বেশি ঘটেছে চিকিৎসাকেন্দ্রের বাইরে।

উগান্ডা, কেনিয়া ও নাইজেরিয়াতেও সংক্রমণের খবর পাওয়া গেছে। আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যঁ কাসেয়া এ প্রাদুর্ভাবকে আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

এ প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এখনো অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে কয়েকটি টিকা উদ্ভাবনের কাজ চলছে।

গত জুলাইয়ে উগান্ডা নিজেদের ইবোলা প্রাদুর্ভাবের অবসান ঘোষণা করলেও শুক্রবার দেশটি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার তৈরি পরীক্ষামূলক টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার কথা জানিয়েছে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ভারতের সিরাম ইনস্টিটিউটের যৌথভাবে উদ্ভাবিত আরেকটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সোমবার ডিআর কঙ্গোতে শুরু হওয়ার কথা রয়েছে।

স্বল্প ও নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহে সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা গাভি ইতোমধ্যে ওই টিকার ১৫ লাখ ডোজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। পরীক্ষায় সফলতা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন পেলে টিকাগুলো ব্যবহারের জন্য সরবরাহ করা হতে পারে।

সূত্র: আলজাজিরা

বিভি/পিএইচ

মন্তব্য করুন: