বিয়েতে দামি গাড়ি চাওয়া বরকে ‘খেলনা গাড়ি’ উপহার দিয়ে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। বরপক্ষকে আসল গাড়ির বদলে একটি প্লাস্টিকের খেলনা গাড়ি উপহার দিয়ে বাড়ি থেকে বিদায় করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার অনুষ্ঠানে বরপক্ষকে বাড়িতে আমন্ত্রণ জানান কনের বাবা। পরে প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় রেখে তাদের হাতে একটি খেলনা থার গাড়ি তুলে দেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, মিরাটের ভবনপুর এলাকার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পরতাপুর থানার সোলানা গ্রামের বাসিন্দা বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে যৌতুকের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এক লাখ রুপি দিয়েছিল।
এর মধ্যে প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। অভিযোগ, জমি বিক্রির খবর জানতে পেরে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মাহিন্দ্রা থার গাড়ি দাবি করে। বাব্বর তাদের বোঝানোর চেষ্টা করলেও দাবি থেকে সরে আসেনি বরপক্ষ।
এ অবস্থায় গত শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানের জন্য বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাদের অপেক্ষায় রাখার পর একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি তুলে দেন বরের বাবার হাতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, ‘আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’
এরপর বরপক্ষের দেওয়া বাগদানের উপহার ফিরিয়ে দিয়ে বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবারের সদস্যরাই পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: