• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা আন্দোলন গড়ে তুলতে চান লাশ দিয়ে: রিজভী 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৬, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনা আন্দোলন গড়ে তুলতে চান লাশ দিয়ে: রিজভী 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ চেয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে। শেখ হাসিনার মতো গুম খুন ক্রসফায়ার দিয়ে ভিন্ন মতকে দমন করতে হবে, এই বিশ্বাসতো তারেক রহমানের সরকার করছে না। কারণ সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়েছে,আমরা তো তার মতো আচরণ করতে পারি না। আমরা একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যাতে করে আর কোনদিন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের উত্থান না হয়। 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

শুক্রবার (২০ নভেম্বর) যশোরে বিকালে বিডি হল মিলনায়তনে এই স্মরণসভায় তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। দুর্যোগ আবহাওয়ার মধ্যেও দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষ স্মরণসভায় যোগ দিয়ে তাদের নেতার প্রতি আবেগ এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান। 

স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তরিকুল ইসলাম একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন, যার অসাধারণ নেতৃত্বের প্রজ্ঞা এবং বৈশিষ্ট্য ছিলো। যিনি আপদমস্তক রাজনীতিবিদ হিসেবে পরিচিত এবং তার অন্যরকম ব্যাকগ্রাউন্ড রয়েছে। তিনি ছাত্রজীবন থেকে গড়ে ওঠেন নানা সংগ্রাম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তখন তিনি পরিণত হন ধ্রুপদী ক্ল্যাসিকাল পলিটিক্যাল ক্যারেক্টের হিসেবে। তরিকুল ইসলাম একজন সেই ধরণের রাজনীতিবিদ, যিনি জীবনের শুরু থেকে হাঁটি হাঁটি পা পা করে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনীতি করেছেন, অন্য কোন ব্যাকগ্রাউন্ডের কথা তিনি চিন্তা করেননি। আন্দোলন সংগ্রাম, অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি বিভিন্ন সময় রাজনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব পালন করেছেন। নেতা হিসেবে বিভিন্ন সময়ে দেশ ও দলের অত্যন্ত সংকটময় সময়ে কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
 
তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতি করেছেন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে মাওলানা ভাসানির শিষ্য হয়েছেন। আজীবন তিনি কায়েমী স্বার্থবাদীদের বিপক্ষে কাজ করেছেন। প্রতিগতিশীল ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি গণতান্ত্রিক সংগ্রামে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী থেকেই মৃত্যুবরণ করেছেন। বেগম খালেদা জিয়া যখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেন, তিনি সর্বপ্রথম তরিকুল ইসলামকে স্মরণ করতেন। ২০১৪ সালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া তরিকুল ইসলামের মাধ্যমে আন্দোলন পরিচালনা করেছেন। তরিকুল ইসলামের প্রতি দলের প্রধানতম নেত্রীর অগাধ বিশ্বাস, আস্থা ছিলো। তরিকুল ইসলাম দলের প্রধান থেকে শুরু করে সকল নেতাকর্মীর কাছে বিশ্বাসী ছিলেন। তাকে নিবৃত করার জন্য তার বাড়িতে একাধিকবার বোমা হামলা করা হয়েছে। 

তিনি বলেন, আজ নতুন করে দেখছি গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটি (শেখ হাসিনা) বাইরে পালিয়ে থেকে দেশের অভ্যন্তরে মদদ দিচ্ছে। তারতো টাকার অভাব নেই, অনেক টাকা বিদেশে পাচার করেছেন, দেশের অভ্যন্তরেও তার অনেক টাকা। তার অনেক অনুসারী দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। সন্ত্রাসী টোকাইদের দিয়ে তারা মানুষের বাড়িতে গাড়িতে আগুন লাগাচ্ছে। বিএনপি নেতা, এমপি, মন্ত্রীর বাড়িতে আগুন জালাচ্ছে। বিএনপির মতো গণতান্ত্রিক সংগ্রামে যারা আন্দোলন করেছে তার ওপর আক্রমণ করছে। নাহিদ ইসলামের ওপর হামলা করেছে এবং এবি পার্টির মঞ্জু'র গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ধরণের মদদটা আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। কিছুদিন আগে তিনি বলেছেন ডিসেম্বরে দেশে ফিরবেন। ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসি তার মোবাইলের মধ্যে শেখ হাসিনার আসার বিষয়ে খুদে বার্তাটি ছিলো। তার মানে গণতন্ত্র বিরোধী শক্তি যারা দেশকে একজন (শেখ হাসিনা) ব্যক্তির জমিদারিতে পরিণত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছিল, তারা এখনও ভেতরে সক্রিয় আছে। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের লোক আছে। তারা সক্রিয় বলে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তিন/চার দিনের মধ্যে তারা তিনজনকে হত্যা করলো।  শেখ হাসিনার একটা লাশ দরকার। তিনি আন্দোলন গড়ে তুলতে চান লাশ দিয়ে । তিনি সব সময় নির্ভর করেছেন সন্ত্রাসী গুন্ডাদের ওপর । তার সেই বাহিনী আজও দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে। 

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু স্মরণসভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন, বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের সহধর্মিনী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তার কনিষ্ঠ পুত্র দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)  বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় স্মরণসভায়  আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, যশোর -৪ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশীদ, ডক্টর অ্যাসোসিশেন অব বাংলাদেশের ( ড্যাব) যশোর জেলা শাখার সাবেক সভাপতি আবু আহসান লাল্টু, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টি যশোর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপি প্রমুখ।

বিভি/টিটি

মন্তব্য করুন: