মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন সেই বিএনপি নেতা
মনিরুল হক ফরাজী
ঢাকা থেকে নিজ গাড়িতে করে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে আটকের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার পর মুক্তিপণ আদায় করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়ে রাতে ঢাকার বাসায় ফেরেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তিনি নিরাপদে বাসায় অবস্থান করছিলেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। এ ঘটনায় এখনও পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি তিনি।
মনিরুল হক ফরাজী জানান, বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তারা দেখতে পান, সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করা হয়েছে।
কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলেন।
বিএনপি নেতার ভাষ্য, গাড়ি থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।
তিনি আরও বলেন, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করেন। একপর্যায়ে সঙ্গে থাকা দুইজনকে ছেড়ে দিয়ে তার কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়।
এরপর তাকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটতে বাধ্য করেন অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাকে ঘোরানোর পর মুক্তির জন্য আরও টাকা দাবি করা হয়। পরে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
মনিরুল হক ফরাজীর দাবি, নগদ ও বিকাশ মিলিয়ে মোট দুই লাখ ১৭ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। পরে ভাড়ায় মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে পথ পরিবর্তন করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তার সঙ্গে ছিল। তাদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। মুক্তি পাওয়ার পর ঢাকায় চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে তারা জানতে পেরেছেন।
পুলিশ সুপার আরও জানান, বর্তমানে ওই বিএনপি নেতা চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: