• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গাড়ি-বাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে পুরোনো রাজনীতিতে ফিরতে চায় আ.লীগ: মঞ্জু

প্রকাশিত: ২১:১৩, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৪, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাড়ি-বাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে পুরোনো রাজনীতিতে ফিরতে চায় আ.লীগ: মঞ্জু

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বাড়লে এবং সরকার তা আইনগতভাবে মোকাবিলায় ব্যর্থ হলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এবি যুব পার্টির জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সৈয়দ তালহা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরিফ বিল্লাহ আনসার।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ও যুবকরাই মূল নেতৃত্ব দিয়েছেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের গণআন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে যুবসমাজের ত্যাগী ভূমিকা বিজয়ের পথ তৈরি করেছে। তবে রাজপথের আন্দোলনে তরুণেরা যতটা সফল, ক্ষমতার চর্চায় ততটা নয়। রাজপথ ও রাষ্ট্র পরিচালনা—দুই ক্ষেত্রেই যুব নেতৃত্ব সমান দক্ষতা দেখাতে পারলে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব হবে।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের অনৈক্য এবং সরকারি দলের প্রহসনমূলক কর্মকাণ্ডের সুযোগে পরাজিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে সাহস পাচ্ছে।

মঞ্জু বলেন, ‘গাড়ি-বাড়ি পুড়িয়ে, মানুষ হত্যা করে যারা আবার রাজনীতিতে ফেরার কথা বলছে, তাদের বোঝা উচিত—জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর কারণেই তাদের শোচনীয় পতন হয়েছিল।’

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে থাকলে এবং সরকার তা আইনগতভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সরকার ও আওয়ামী লীগকে যৌথভাবে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তরুণেরা বারবার পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবনও দিয়েছেন তারা। কিন্তু রাজনৈতিক দলগুলো তরুণদের মেধা, সাহস ও উদ্যমকে রাষ্ট্র গঠনে কাজে না লাগিয়ে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। দখলদারত্ব, চাঁদাবাজি, সংঘর্ষ ও সহিংসতার রাজনীতিতে জড়িয়ে তরুণদের সম্ভাবনা নষ্ট করা হয়েছে।

বিভি/এএইচএস/এজেড

মন্তব্য করুন: