• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

থেমে আছে ৩০০ মিটার কাঠের সেতুর নির্মাণ কাজ, চরম ঝুঁকিতে এলাকাবাসী

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৫, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
থেমে আছে ৩০০ মিটার কাঠের সেতুর নির্মাণ কাজ, চরম ঝুঁকিতে এলাকাবাসী

এভাবেই ঝুঁকি নিয়ে পারাপার করেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরালী খোলা এলাকায় চরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমাতে কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রায় ৩০০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ অর্ধেক করেই ফেলে রাখা হয়েছে। এতে দুর্ভোগ কমার বদলে নতুন করে ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, কৃষক ও শিক্ষার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, সেতুটির প্রায় ১৮০ মিটার অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি প্রায় ১২০ মিটার এখনো অসমাপ্ত। ওই অংশে পিলার নির্মাণ করা হলেও বসানো হয়নি কাঠের পাটাতন। ফলে সেতুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন পথচারীরা। এ ছাড়া নির্মিত পিলারগুলোর স্থায়িত্ব ও কাঠামোর মজবুত নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রতনদিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৮ লাখ টাকা এবং উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ দিয়ে সেতুটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা ছিল। তবে বরাদ্দ ও নির্মাণকাজের পরও সেতুটি এখনো পূর্ণাঙ্গভাবে নির্মিত হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, সেতুর একাংশে কাঠের পাটাতন বসানো থাকলেও বাকি অংশ অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এতে চরাঞ্চলের বাসিন্দাদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেককে কাদা-পানি পেরিয়ে কিংবা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের দুর্ভোগ বেশি।

স্থানীয় কৃষক কাঞ্চন আলী বলেন, ‘আমাদের যাওয়া-আসার খুব সমস্যা। কোনো কিছু মাথায় নিয়ে আসতে পারি না। একজন মানুষ খালি হাতে কোনোমতে পার হতে পারে, মালামাল নিয়ে কীভাবে আসব? এইটাই আমাদের প্রাধান সমস্যা।’

আরেক বাসিন্দা হযরত আলী বলেন, ‘এখানে আমাগোর রাস্তাঘাটের সমস্যা। ব্রিজ আছে, কিন্তু কাঠ দেওয়া নাই। অর্ধেক হয়েছে, ওঠানামার ব্যবস্থা নাই। খুব সমস্যা হচ্ছে।’

এক শিক্ষার্থী জানায়, সেতুর অর্ধেক নির্মাণের পর বাকি অংশের কাজ আর হয়নি। সকালে প্রাইভেট পড়তে যেতে হয়, পরে সেখান থেকে ফিরে স্কুলে যেতে হয়। এই পথ দিয়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষার্থী চলাচল করে। সবাইকে সেতুতে ওঠানামা করতে কষ্ট হয়। হাতে কিছু নিয়ে চলাচল করাও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

শুধু অসমাপ্ত সেতু নয়, নির্মিত অংশের কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সেতুর পিলারগুলো যথেষ্ট মজবুত নয়। সেতুর মাঝখানে উঠলে এটি নড়াচড়া করে। পিলারগুলোর মধ্যে প্রয়োজনের তুলনায় বেশি দূরত্ব রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের বরাদ্দ করা ২ লাখ টাকায় কাঠের পাটাতন নির্মাণের কাজ করার কথা ছিল। এ ছাড়া আনুষঙ্গিক কিছু কাজ করা হয়েছে। বাকি কাজ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন বলেন, ‘তখন আমি ইউনিয়ন পরিষদে ছিলাম, ওইটুকু কাজ করেছিলাম। হয়তো আমি থাকলে আবার একটু একটু করে কাজ করতাম। এখন তো আমি আর দায়িত্বে নেই। টাকার অভাবে কাজটি অসমাপ্ত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্ত্তৃপক্ষে জানাতে হবে, সেতুটি শেষ করা প্রয়োজন।’

এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম বলেন, সেতুটির কাজের বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন। কীভাবে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/ডিএইচ/এজেড

মন্তব্য করুন: