আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারানো টাকার শোক, প্রতারকদের বিচার এবং নিরাপদ বিদেশযাত্রার আকুতি জানিয়ে মহান আল্লাহর কাছে একটি চিঠি লিখেছেন তিনি। চিঠিটি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার সময় পাওয়া যায় চিঠিটি।
চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, তার ইউরোপ যাত্রা যেন সহজ ও নিরাপদ হয়। বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা-সেবা নিশ্চিত করার পাশাপাশি কোনো বিদেশগামী যেন দালালের প্রতারণার শিকার না হন, সে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারীদের উপযুক্ত বিচার ও হেদায়েত কামনা করে চিঠিতে লেখা হয়েছে, তার মতো প্রতারণার শিকার হয়ে আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়।
এ ছাড়া প্রতারণায় হারানো টাকার শোক ও কষ্ট থেকে মুক্তি, ধৈর্য, মানসিক শান্তি এবং হালাল রিজিকের জন্যও প্রার্থনা করেছেন ওই ব্যক্তি। চিঠির শেষে নিজের পরিচয় দিয়েছেন ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে।
এদিকে, ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ।
এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়েছে। দানবাক্সগুলো পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাংকের সঙ্গে নতুন করে আরও দুটি ট্রাংক যুক্ত করা হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। সব মিলিয়ে প্রায় ৬০০ জন এই কাজে যুক্ত রয়েছেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই টাকা রূপালী ব্যাংকের পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। পাশাপাশি মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও দান গ্রহণ করা হচ্ছে। এ পর্যন্ত অনলাইনে অনুদান এসেছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
জেলা প্রশাসক জানান, দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। গত ১২ অক্টোবর প্রায় ছয় বছর পর সিলগালা খোলা হলে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, পাগলা মসজিদে মুসল্লিদের নামাজের স্থান সংকট নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অজুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের বাইরে পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে। আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য মসজিদ ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমিও কেনা হয়েছে।
মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ও উন্নয়নকাজ পরিচালনা করা হয়। এ ছাড়া তহবিলের মুনাফা থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়।
টাকা গণনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। গণনা শেষে দানের মোট পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিভি/এনকে/এজেড













মন্তব্য করুন: