• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শাস্তির কবলে হৃদয়, জরিমানা করলো আইসিসি

প্রকাশিত: ১৮:২৬, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শাস্তির কবলে হৃদয়, জরিমানা করলো আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি তার শৃঙ্খলামূলক রেকর্ডে দুটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা।

খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের জন্য নির্ধারিত আইসিসির আচরণবিধির ধারা ২.৮ ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন হৃদয়। মূলত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ বা বিরূপ প্রতিক্রিয়া দেখানোর বিষয়টি এই ধারার আওতায় পড়ে।

ঘটনাটি ঘটে স্বল্প আলোর কারণে দিনের খেলা স্থগিত হওয়ার পর। দুই অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ যখন বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হৃদয় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন। তাঁর দাবি ছিল, খেলা আরও আগেই বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের প্রতি তাঁর আক্রমণাত্মক ও অনুচিত আচরণ নজরে এলে এই ব্যবস্থা নেওয়া হয়।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ পর্যায়ের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাসহ এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। হৃদয়কে সেই সর্বোচ্চ জরিমানার কাছাকাছি শাস্তিই দেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজ) প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন হৃদয় এবং নিজের দোষ স্বীকার করেছেন। ফলে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষ হওয়ার পর আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিভি/একেএমএসকে/এজেড

মন্তব্য করুন: