ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ
বৃষ্টিতে কাঁদালো ভারতকে, চ্যাম্পিয়ন পাকিস্তান
চ্যাম্পিয়ন পাকিস্তান দল। ছবি: সংগৃহীত
বৃষ্টিবাধায় মাঠে গড়ায়নি দ্বিতীয় ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল। ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হলেও টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আর রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।
বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়ানোর মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় বাইলজের নিয়মে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের টিকিট কাটে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে, তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে ওঠে ভারত।
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট চারটি দল অংশ নেয়। লিগ পর্বে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় স্বাগতিক বাংলাদেশ, আর কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ স্থানে থাকে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, এটি ছিল ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের দ্বিতীয় আসর এবং বাংলাদেশে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজিত হয়। 'সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল' টাইটেল স্পন্সরকৃত এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: