৩ হাজার ৮০০ জনসংখ্যার দেশে আন্তর্জাতিক ক্রিকেট!
মাত্র ৩ হাজার ৮০০ মানুষের বসতি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করাই ছিল বড় চ্যালেঞ্জ। সেই সব প্রতিবন্ধকতা জয় করে নিজেদের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করেছে আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশটি। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জিতে ঐতিহাসিক এই আয়োজনকে আরও স্মরণীয় করে রেখেছে স্বাগতিকরা।
ফকল্যান্ডে যাতায়াত ও আবহাওয়া-উভয়ই বড় সংকট। সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে এই দ্বীপে, তাও চিলির সান্তিয়াগো থেকে। আবহাওয়াও বছরের সব সময় ক্রিকেটের অনুকূলে থাকে না।
সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ, কখনো কখনো এপ্রিল পর্যন্ত বাইরে ক্রিকেট খেলার সুযোগ মেলে। এরপর তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায় এবং শুরু হয় তুষারপাতের আশঙ্কা।
আয়োজনের জটিলতা তুলে ধরে দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে বলেন, ‘কোনো আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি সময় লাগে। শুধু ফ্লাইট নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থের ব্যবস্থাসহ অনেক কিছুই ভাবতে হয়। সপ্তাহে মাত্র একটি ফ্লাইট থাকায় কাজটা কঠিন।’
ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দল ও দ্বীপে আসা জাহাজের নাবিকদের মধ্যে নিয়মিত ম্যাচ হতো। পরবর্তীতে ২০০১ সালে ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠিত হয় এবং পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের মাধ্যমে ২০০৭ সালে আইসিসির সদস্যপদ লাভ করে তারা।
ঐতিহাসিক এই সিরিজে শুরু থেকেই দাপট দেখায় ফকল্যান্ড। সিরিজের প্রথম দিনেই কোস্টারিকার বিপক্ষে ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজে তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিক দল।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: