• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেসির একার বেতনই ২৫ ক্লাবের খেলোয়াড়দের চেয়ে বেশি

প্রকাশিত: ২১:৪১, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মেসির একার বেতনই ২৫ ক্লাবের খেলোয়াড়দের চেয়ে বেশি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক বিশ্ব তারকার আগমন ঘটলেও আয়ের দিক থেকে এখনো সবার চেয়ে অনেক এগিয়ে লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ডলারের বেশি-যা লিগের ৩০টি ক্লাবের মধ্যে ২৫টির পুরো স্কোয়াডের খেলোয়াড়দের সম্মিলিত পারিশ্রমিকের চেয়েও বেশি। মেসির ঠিক পেছনেই রয়েছেন নতুন মৌসুমে শিকাগো ফায়ারে যোগ দেওয়া রবার্ট লেভানডফস্কি।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) খেলোয়াড়দের বেতনের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। প্রকাশিত তথ্য অনুযায়ী, মেসির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ ডলার, যার মধ্যে মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার।

গত বছর মেসির নিশ্চিত আয় ছিল প্রায় ২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার। নতুন চুক্তির পর তাঁর পারিশ্রমিক প্রায় ৭৯ লাখ ডলার বেড়েছিল। তবে গত মে মাসে প্রকাশিত তালিকায় একই অঙ্ক থাকায় নভেম্বরের হালনাগাদে নতুন করে তাঁর বেতন বাড়েনি।

বেতনের তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী লেভানডফস্কির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। গত জুলাইয়ে বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে নাম লেখানো এই পোলিশ স্ট্রাইকারের মূল বেতন ১ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ আয় করা খেলোয়াড়ের চেয়েও বছরে প্রায় ৮৮ লাখ ডলার বেশি নিশ্চিত পারিশ্রমিক পাচ্ছেন মেসি।

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন আরেক সাবেক বার্সেলোনা তারকা আঁতোয়ান গ্রিজমান। গত জুলাইয়ে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৩৫৪ ডলার।

নতুন দুই তারকার অন্তর্ভুক্তিতে দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস এফসির এই ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ৮৫২ ডলার। তালিকার পঞ্চম স্থানে থাকা আটলান্টা ইউনাইটেডের সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলোর পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১১ হাজার ৪০০ ডলার।

এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের হিসাবে মূল বেতনের পাশাপাশি চুক্তিতে নিশ্চিত করা বোনাস ও আনুষঙ্গিক অর্থ অন্তর্ভুক্ত থাকলেও পারফরম্যান্সভিত্তিক বোনাস কিংবা ক্লাব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মেসির আলাদা বাণিজ্যিক চুক্তির সম্পূর্ণ আয় এখানে যুক্ত নয়। ফলে বাস্তবে তাঁর বার্ষিক আয় আরও বেশি।

শুধু ব্যক্তিগত আয়েই নয়, খেলোয়াড়দের সম্মিলিত পারিশ্রমিকেও শীর্ষে রয়েছে মেসির দল ইন্টার মায়ামি। ক্লাবটির বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ব্যয় প্রায় ৫ কোটি ৯৪ লাখ ডলার। প্রায় ৪ কোটি ১৩ লাখ ডলার নিয়ে দ্বিতীয় স্থানে শিকাগো ফায়ার। এরপর পর্যায়ক্রমে রয়েছে আটলান্টা ইউনাইটেড, এলএ গ্যালাক্সি ও লস অ্যাঞ্জেলেস এফসি।

তারকা খেলোয়াড়দের আগমনে পুরো লিগের বেতন কাঠামোতেও বড় প্রভাব পড়েছে। মে মাসের হিসাবের তুলনায় এমএলএসে খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ১৪ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রায় ৭২ কোটি ৪৫ লাখ ডলারে পৌঁছেছে। পাশাপাশি অন্তত ১০ লাখ ডলার বার্ষিক পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের সংখ্যা ১৩৩ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে।

লেভানডফস্কি, গ্রিজমান ও এমবোলোর মতো তারকাদের যোগ দেওয়ায় শীর্ষ আয়ের তালিকায় রদবদল ঘটলেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন মেসিই। নতুন চুক্তির পর তাঁর ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যকার প্রায় ৮৮ লাখ ডলারের বিশাল ব্যবধানও রয়ে গেছে অপরিবর্তিত।

বিভি/একেএমএসকে/এজেড

মন্তব্য করুন: