টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে প্রোটিয়াদের চমক
জোহানেসবার্গে প্রথম টেস্টে হারের পর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই টেস্টের পরই শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই দুই সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, যেখানে নেতৃত্বের বদলসহ বেশ কয়েকটি চমক ও বিশ্রামের সিদ্ধান্ত দেখা গেছে।
প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় ওয়ানডে দলে রাখা হয়নি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে। তাঁর অনুপস্থিতিতে ওয়ানডেতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ। এই দায়িত্ব পাওয়ায় স্পিনার মহারাজকে পরবর্তী টেস্ট দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম টেস্টেও অবশ্য একাদশে ছিলেন না তিনি; একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলে উজ্জ্বল ছিলেন সিমন হারমার।
এদিকে বাভুমা ছিটকে যাওয়ায় দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। এই ম্যাচে স্কোয়াডে যুক্ত হয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি। তবে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। বিশ্রাম পাওয়া এই তিন ক্রিকেটারই জায়গা পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে আর মাঠে নামেননি ডানহাতি পেসার নরকিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ওয়ানডে দলে রাখা হয়নি মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেনকে। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরছেন লুঙ্গি এনগিডি। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকছেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।
ব্যাটিং বিভাগে অভিজ্ঞ কুইন্টন ডি ককের পাশাপাশি লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবসের ওপর ভরসা রাখছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে (স্কোয়াড তালিকায় কোয়েসাইল), যিনি ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন। ঘরোয়া টি-টোয়েন্টিতে টপ অর্ডারে সাত ইনিংসে ১৯৭.৮৫ স্ট্রাইকরেটে ২৭৭ রান করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। যার মধ্যে রয়েছে যৌথভাবে দ্রুততম ১৪ বলে ফিফটির কীর্তিও।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের অধিনায়কত্ব করবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে এই সংস্করণের দলে ফিরেছেন তরুণ পেসার কেনা মাফাখা। নির্ধারিত সূচি অনুযায়ী, টেস্ট সিরিজ শেষে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
ওয়ানডে দল: কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েসাইল ও ত্রিস্তান স্টাবস।
টি-টোয়েন্টি দল: বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েসাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
বিভি/একেএমএসকে/এজেড













মন্তব্য করুন: